সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ডিজিটাল লটারি পদ্ধতি বহাল রাখা হয়েছে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে ভর্তি পরীক্ষার মাধ্যমে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নীতিমালা প্রকাশ করা হয়। নীতিমালায় স্বাক্ষর করেছেন বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস।
প্রথম শ্রেণিতে আবেদন করা যাবে সর্বোচ্চ পাঁচ বিদ্যালয়ে
নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করতে হবে বাধ্যতামূলকভাবে ডিজিটাল লটারির মাধ্যমে। আবেদনের সময় একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দের তালিকায় রাখতে পারবে।
কোনো বিদ্যালয়ে দুই শিফট চালু থাকলে একজন আবেদনকারী উভয় শিফট পছন্দ করতে পারবে। সে ক্ষেত্রে দুটি বিদ্যালয়ে পছন্দক্রম দেওয়ার সমান হিসেবে গণ্য হবে বিষয়টি। তবে একই শিক্ষাপ্রতিষ্ঠানে একাধিক আবেদন করলে ওই শিক্ষার্থীর সব আবেদন বাতিল করা হবে।
প্রথম শ্রেণিতে ভর্তির পুরো প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে পরিচালনা করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তর ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনসহ ভর্তি-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবে।
লটারি পরিচালনার সময় ভর্তি কমিটির সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি পুরো কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে নীতিমালায়।
এ ছাড়া লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি শূন্য আসনের সমানসংখ্যক শিক্ষার্থী নিয়ে অপেক্ষমাণ তালিকা তৈরি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে অন্য শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে।